ময়মনসিংহের গফরগাঁওয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নাদিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর স্বামীসহ শ্বশুরবাড়ি ছেড়ে চলে যায়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার গভীর রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামের কাওছার মিয়ার বাড়ি থেকে নাদিয়ার লাশ উদ্ধার করা হয়।
নিহত নাদিয়া আক্তার দক্ষিণ গফরগাঁও উপজেলার লঙ্গাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এক বছর আগে হাতিখলা গ্রামের নুর চানের ছেলে কাওসারের সঙ্গে নাদিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। নিহতের জামাই কাউছার মিয়ার এক আত্মীয় মেয়েটির মা মায়ফুল বানুকে মোবাইল ফোনে কল করে নাদিয়ার মৃত্যুর খবর জানান। পরে রাত ৯টার দিকে নাদিয়ার স্বজনরা শ্বশুর বাড়িতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় বাড়িতে নাদিয়ার স্বামী ও শ্বশুরবাড়ির কাউকে খুঁজে পাননি তারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের মা মায়ফুলের অভিযোগ, নাদিয়াকে হত্যা করা হয়েছে। মারতে না হলে মেয়ের জামাইসহ বাড়ির অন্য সদস্যরাও বাড়ি থেকে পালিয়ে গেল কেন? তাছাড়া নাদিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানান তিনি।
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত গৃহবধূর মা অভিযোগ দায়ের করেছেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
