খুলনার তেরখাদা উপজেলায় রামিম বিশ্বাস (৩২) নামে এক যুব নেতাকে দুর্বৃত্তরা আহত করেছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে। তাকে মোটরসাইকেলে গুলি করা হয়েছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে ও স্থানীয় মধুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভ্যানে করে কোলাবাজার যাচ্ছিলেন রামিম। পথে ওই গ্রামের আইনল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার পিঠের ডান পাশে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
তেরখাদা থানার ওসি আহমেদ আলী বিশ্বাস জানান, ঘটনার তদন্তের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবির সিদ্দিক শুভ্র জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে চেষ্টা করছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় বিশেষ পুলিশি নজরদারি রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা মহানগরীতে দুইজনকে গুলি করে হত্যা করা হয়। ওইদিন ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় প্রতিপক্ষ গ্রুপের দুর্বৃত্তদের গুলিতে তৌহিদুল ইসলাম তুষার (৩২) নামে এক যুবক নিহত হন। একই দিন সন্ধ্যায় নগরীর জিন্নাপাড়া বউবাজার এলাকায় মায়ের সামনে খুশি বেগম (২৫) নামে এক গৃহবধূকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।