Homeআন্তর্জাতিককলকাতায় দুর্গাপূজা মণ্ডপে...

কলকাতায় দুর্গাপূজা মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজা প্যান্ডেলে পদদলিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৩ জন নারী। বাকি চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (১৭ অক্টোবর) চোরবাগান সার্বজনীন পূজা প্যান্ডেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

এনডিটিভি জানিয়েছে যে পদদলিত হয়ে আহত অন্তত ৩৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী এমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কলকাতা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে গিরিশ পার্ক থানার অন্তর্গত চোরবাগান পাবলিক পূজা প্যান্ডেলের প্রস্থান গেটে পদদলিত হয়। এ সময় প্রবল বৃষ্টির কারণে প্যান্ডেলের ভেতরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। একপর্যায়ে জনতার চাপে পদদলিত হন অনেকে।

পুলিশ আরও জানায়, আহতদের সবাইকে উদ্ধার করে এমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় ১৭ জনের মৃত্যুর পর নিরাপত্তার কারণে প্যান্ডেলটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে পদদলিত হওয়ার সময় অনেক লোক জ্ঞান হারিয়ে ফেলেছিল। পরে তাদের মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী বলেন, প্যান্ডেলের প্রবেশদ্বারটি বেশ সরু ছিল। বের হওয়ার গেটও ছিল সরু। এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না। এ ঘটনায় তার মেয়ে ও নাতি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল পরিস্থিতি দেখতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। পাশাপাশি এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্টে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এছাড়াও এই কঠিন সময়ে আহতদের পরিবারের সদস্যদের সাহস ও শক্তি দেওয়ার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন।