ইশরাক হোসেনের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তার কার্যালয়। এ ধরনের সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ প্রত্যাহার করে সঠিক তথ্য উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর প্রেস অফিসার মাহফুজ কবির মুক্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যেসব সংবাদ প্রচার করা হচ্ছে বা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী তার দাপ্তরিক ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তার পদত্যাগের প্রশ্নই আসে না। একটি চক্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) নিজ সংসদীয় এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মত অস্ত্র প্রদর্শন করা হয়। এ বিষয়ে ইতিমধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রতিমন্ত্রী।
এই ঘটনার ভিত্তিতে তার পদত্যাগের খবর প্রচার করা বেআইনি এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতার পরিপন্থী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য গণমাধ্যম ও নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেসব গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।