দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের প্রাইভেটকারে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে দলের সহ-মহাসচিব ও কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের সম্পাদক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি চালানোর ঘটনা উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনের জন্য হুমকিস্বরূপ।
বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।