‘বাবা হিসেবে ফ্রেন্ডলি ছিলাম, সে অনেক কিছু শেয়ার করতো’, তাহসিফের বাবা

1793276586 21837fc142dc4abf294f82927bf225fc 6ae3244eaaf2b 1793276586 21837fc142dc4abf294f82927bf225fc 6ae3244eaaf2b
1793276586 21837fc142dc4abf294f82927bf225fc 6ae3244eaaf2b

সারাদিন মায়ের সঙ্গে শপিং করেছেন তাহসিফ সৌরি। বাবার জন্যও কিছু কেনাকাটা করেছেন। সন্ধ্যার পর বাসায় ফেরার পর এক বন্ধু দেখা করতে এসেছেন। মাকে বলে নিচে নেমেছিলেন, বন্ধুর সঙ্গে একটু কথা বলে ফিরবেন। কিন্তু সেই যে বাসা থেকে বের হলেন, আর ফেরেননি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। রাতে একবার ভয়েস মেসেজে জানিয়েছিলেন, আসছেন। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। পরদিন তুরাগ নদ থেকে উদ্ধার হয় তার মরদেহ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি নানা প্রশ্ন ঘুরছে পরিবারের সদস্যদের মনে। তার বাবা কে এম এনায়েতুল করিম হেলালের সন্দেহ, ছেলেকে হত্যা করা হয়েছে। তার ভাষ্য, সুস্থ অবস্থায় বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। কারও সঙ্গে মারামারি বা ঝামেলার ইতিহাসও তার জানা নেই। কী কারণে এমন ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না তারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাহসিফের বাবা। ছেলের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘না, আমার সঙ্গে আমার ছেলে যথেষ্ট ফ্রেন্ডলি ছিল এ ধরনের কিছু আমাকে তো জানায়নি।’

‘আমার জন্য মেয়ে তোমরা দেখবা’

ছেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলতে গিয়ে কে এম এনায়েতুল করিম হেলাল বলেন, ‘আমার সঙ্গে অনেক কিছু সে শেয়ার করতো। আমাকে প্রায়ই বলতো—বাবা, আমি তো কোথাও কোনও অ্যাফেয়ার্সে অ্যাড হতে পারি নাই। আমার জন্য মেয়ে তোমরা দেখবা।’


সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তাহসিফের বাবা

তাহসিফের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন তিনি। তার ভাষ্য, ছেলের অনেকের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব ছিল। তবে প্রেমের সম্পর্ক ছিল না। বিয়ের বিষয়ে পরিবারের পছন্দের ওপরই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন তাহসিফ।

বাবা বলেন, ‘ও বিষয়টা আমাদের ওপরেই ছেড়ে দিয়েছিল যে তোমরা পছন্দ করে দেখো। ও নিজে কোনও ব্যক্তিগত এরকম কোনও গার্লফ্রেন্ড ছিল না। অনেক ছেলেমেয়ের সঙ্গে তার পরিচয় ছিল, বন্ধুত্ব ছিল। কিন্তু গার্লফ্রেন্ড বলতে যেটা বোঝায়, এরকম কিছু তার ছিল না।’

তাহসিফের স্বভাব সম্পর্কে তার বাবা বলেন, ‘সে অত্যন্ত জেন্টল প্রকৃতির এবং অত্যন্ত সোশ্যাল। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক।’

তিনি আরও বলেন, ‘সে খুবই পোলাইট এবং সোশ্যাল একজন মানুষ। কারও সঙ্গে গ্যাঞ্জাম-ফ্যাসাদ বা কোনও ঝামেলা নাই। এজন্য আমরা কিছুই বুঝতে পারছি না।’

বন্ধুর সঙ্গে কথা বলে আর ফেরা হয়নি

তাহসিফের বাবা জানান, ২৭ অক্টোবর সারাদিন ছেলের সঙ্গে তার মা ছিলেন। একসঙ্গে কেনাকাটা করেছেন তারা। বাবার জন্যও কেনাকাটা করেছিলেন তাহসিফ। সন্ধ্যার পর এক বন্ধু তাকে ডাকতে আসেন। মাকে বলে নিচে নামেন তিনি।

কে এম এনায়েতুল করিম হেলাল বলেন, ‘ও ওর মাকে বলে যে আমি একটু দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি। এটা বলে সে নিচে যায়। আর ফেরে নাই। রাত ১টা ৩৫ মিনিটে সে মেসেজ দিয়েছে যে সে আসছি।’

তিনি জানান, তাহসিফের মা কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু ছেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাত ১টা ৩৫ মিনিটে পাঠানো মেসেজে তাহসিফ জানিয়েছিলেন, তিনি আসছেন। এরপর থেকে তার অবস্থান শনাক্ত করতে পারেননি পরিবারের সদস্যরা।


তাওসিফ সৌরি

তাহসিফের বন্ধু দ্বীপের সঙ্গে তার পরিচয় কীভাবে হয়েছিল, তা জানেন না বলে জানান বাবা। তবে সম্প্রতি তাহসিফ নিরাপত্তাকর্মী সরবরাহের ব্যবসা শুরু করেছিলেন। দ্বীপ সেই কাজ দেখাশোনা করতেন।

দ্বীপকে চিনতেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, ছেলেকে আমি চিনতাম। তার বাবা-মাও আমাদের বাসায় এসেছে একবার।’

দ্বীপের সঙ্গে তাহসিফের মাঝেমধ্যে যোগাযোগ হতো বলেও জানান তিনি। দ্বীপ তাদের বাসায়ও আসতেন।

চাকরি হারানোর পর কী করছিলেন তাহসিফ

বাংলাদেশ বিমানবাহিনীর ৭৭তম লং কোর্সে কমিশন পেয়েছিলেন তাহসিফ। তিনি জিজিপি ব্রাঞ্চের পাইলট ছিলেন। তার বাবা জানান, ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর সেপ্টেম্বরে তাহসিফকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আরও কয়েকজন কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছিল বলে জানান তিনি।

চাকরি থেকে বরখাস্তের কারণ হিসেবে পরিবারকে শৃঙ্খলাজনিত বিষয় জানানো হয়েছিল বলে উল্লেখ করেন কে এম এনায়েতুল করিম হেলাল।

তিনি বলেন, ‘এটা তো ডিপার্টমেন্ট বলতে পারবে। কারণ ডিপার্টমেন্ট আমাদের সিম্পলি জানিয়েছে যে এটা ডিসিপ্লিন অর্গানাইজেশন। ওর ইনডিসিপ্লিনের কারণে তাকে ইস্তফা দেওয়া হলো।’


তাওসিফ সৌরি

চাকরি হারানোর পর তাহসিফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নেত্র নিউজে কাজ করেন। সবশেষ ভার্গো টোবাকোতে অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর কয়েক দিন ধরে বিশ্রামে ছিলেন বলেও জানান তার বাবা।

তাহসিফের চাকরি চলে যাওয়ার পর কোনো হুমকি পেয়েছিলেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ওরকম কিছু বলে নাই, তবে মাঝে মাঝে আমাকে বলতো যে সে একটু আশঙ্কিত।’

কেন আশঙ্কিত ছিলেন, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমি জানি না।’

তাহসিফ তাকে কোনো হুমকির কথা জানিয়েছিলেন কি না, এমন প্রশ্নে বাবা বলেন, ‘না, এ ধরনের কিছু আমার জানা নাই।’

এর আগে কয়েকটি গণমাধ্যমে তাহসিফকে হুমকি দেওয়া হয়েছিল বলে তার বাবার বরাত দিয়ে খবর প্রকাশ করা হয়। তবে এ বিষয়ে তিনি বলেন, ‘না, তাকে হুমকি দিয়েছে, এরকম কথা আমি বলিনি। এটাই একটা মুশকিল, আমাদের দেশে যে কথাবার্তার অনেক শাখাপ্রশাখা গজায়। আমি এমন কিছু বলি নাই যে তাকে হুমকি দিয়েছে।’

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার ভিডিও তাহসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন। এ নিয়ে কোনো চাপ ছিল কি না, জানতে চাইলে কে এম এনায়েতুল করিম হেলাল বলেন, ‘এই বিষয় নিয়ে আমাদের কিছু জানা নেই বা এই কাজটাও (ভিডিও পোস্ট) আসলে করেছে কি না, এ বিষয়টাও আমাদের জানা নেই।’

‘অবশ্যই হত্যাকাণ্ড’

তাহসিফের মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করেন না কে এম এনায়েতুল করিম হেলাল। তার ধারণা, ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘অবশ্যই হত্যাকাণ্ড। সে তো একেবারেই সুস্থ মানুষ বাসা থেকে বেরিয়েছে। সারাদিন ওর মায়ের সঙ্গে শপিং টপিং করে সে সন্ধ্যায় বাসায় ফিরেছে ও মায়ের সঙ্গে। ইদানীং সে তার মায়ের সঙ্গে বেশি সময় কাটাতো।’

কাউকে সন্দেহ করেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমাদের এভাবে সন্দেহের তালিকায় নাই। কারণ ও তো জেন্টেল ছেলে। কোনও মারামারি, গ্যাঞ্জাম কোনও ধরনের সঙ্গে তো সে ছিল না।’

তাহসিফের বাবা জানান, তিনি রোটারি ক্লাবের সদস্য। তার ছেলে ও স্ত্রীও একই ক্লাবের সদস্য। তার স্ত্রী ক্লাবটির সাবেক প্রেসিডেন্ট।

তাহসিফের মৃত্যুর ঘটনায় সরকারের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।


তাহসিফ সৌরি

কে এম এনায়েতুল করিম হেলাল বলেন, ‘সরকার এটা সুস্থ তদন্ত করে দোষী ব্যক্তিদের মানে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক। যাতে করে পরবর্তী সময়ে এরকম কোনও মায়ের কোল খালি না হয়। বা সে তো দেশের একজন অ্যাসেট। কেন একজন পাইলট তৈরি করতে গভর্নমেন্টের অনেক খরচ হয়। তো সে যদিও সরকারি পাইলট এখন ছিল না, কিন্তু সে তো বেসরকারি খাতেও অবদান রাখতে পারতো। সে তো এল৪১০ মানে ফ্লাই করতো লাস্ট। সে তো একজন কমপ্লিট পাইলট।’

পরিবার এখনও আইনি প্রক্রিয়ায় যায়নি বলেও জানান তিনি। ময়নাতদন্ত ও দাফন শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

তুরাগ নদে মরদেহ উদ্ধার

নৌ পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারের সময় তার পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে থাকা ঘড়ি ও পকেটে পাওয়া আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।

তাহসিফের বাবা জানান, ছেলের নিখোঁজ হওয়ার পর তিনি তুরাগ থানায় গিয়েছিলেন। সেখানে তাকে আশ্বস্ত করা হয়েছিল, এ ধরনের কোনো খবর নেই। পরে সন্ধ্যার আগে সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ওসি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তার নাম ও ছেলের পরিচয় নিশ্চিত হওয়ার পর নদীতে মরদেহ পাওয়ার খবর জানান।

যে এলাকায় মরদেহ পাওয়া গেছে, সেটি রাজাবাড়ী ঘাট, আঁটিপাড়া দিয়ে যেতে হয় বলে জানান তিনি। ওই এলাকায় তার ছেলে আগে কখনও যাননি বলেও দাবি করেন।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবীন জানান, তাহসিফের লিভার, কিডনি, পাকস্থলী ও রক্তসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডিএনএ প্রোফাইলের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এসব প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ঢাকা জেলা নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার জানান, তাহসিফের মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। স্বজনদের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হলেও মরদেহ নেওয়ার জন্য স্বজনদের উপস্থিতি নিয়ে জটিলতার কথা জানান মর্গসংশ্লিষ্ট সূত্র ও মরদেহ নিয়ে আসা নৌ পুলিশের এক সদস্য। পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে মরদেহের সঙ্গে একজন স্বজন হাসপাতালে এসেছিলেন। পরে তিনি চলে যান।

মরদেহ আনা লাশবাহী গাড়ির চালক সামিউল বলেন, ‘আমাকে মালিক বলেছে এখানে মরদেহ নিয়ে আসতে। এখন ভেতরের কাজ শেষে মরদেহ আবার গাড়িতে তোলা হয়েছে, উত্তরায় নিয়ে যাবো। এর বেশি জানি না। আমার সঙ্গে মৃত ব্যক্তির পরিবারের কেউ নেই।’ পরে তাহসিফের মরদেহ নেওয়া হয় উত্তরার বাসায়।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com