গাজীপুরের মৌচাকে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।
পুলিশ জানায়, সকালে এসেনসিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে আন্দোলন শুরু করে। পরে তারা মিছিল করে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেয়। এ সময় তারা আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণার জন্য চাপ সৃষ্টি করে। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকার বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকা দখল করে অবরোধ শুরু করে। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কালিয়াকোর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা রাস্তা ছেড়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যান চলাচল।