Homeরাজনীতি৫ বছরের কাজের...

৫ বছরের কাজের মূল্যায়ন করে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সরকারের পাঁচ বছরের পারফরম্যান্স মূল্যায়ন করেই আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেবে। আর সরকার ব্যর্থ হলে জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে। তাই বারবার আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত।

বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬ ‘কাজ, গড়ি দেশ, আগে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে চিফ হুইপ বলেন, বর্তমান সরকার যে দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে, যেখানে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এ অবস্থায় দেশ পুনর্গঠনের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে নানা কর্মসূচি পালন করছে বিরোধী দলগুলো। লংমার্চ দিয়ে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। বিদ্যুৎ সংকট মোকাবেলায় সৌরবিদ্যুতের ওপর গুরুত্বারোপ করে নুরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমান আগামী তিন বছরের জন্য সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে কর অব্যাহতি দিয়েছেন। এ সুযোগ পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে এক বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি মেটানো সম্ভব হবে।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম মোকাবেলা করে ফ্যাসিবাদী সরকারের পতনের নেতৃত্ব দিয়েছে। ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার দেশকে পুনর্গঠনে কাজ করে যাচ্ছে। পরিবার কার্ড এবং কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

চিফ হুইপ তার বক্তব্যে মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবদানের কথাও স্মরণ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।