Homeজাতীয়সাজেক ভ্যালি পর্যটন...

সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ

রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যায় জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে বলা হয়েছে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক জনগণের অধিকার সংরক্ষণ কমিটি। অবরোধের সমর্থনে অবরোধকারীরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি নিক্ষেপ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে একই দিন সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে আলোচনার পর দুই সংগঠন অবরোধ প্রত্যাহার করে।