Homeজাতীয়সম্পত্তি নিয়ে ভাইবোনের...

সম্পত্তি নিয়ে ভাইবোনের বিরোধ, সাত ঘণ্টা পর দাফন বাবার লাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে ভাই-বোনের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সাত ঘণ্টা পর বাবার লাশ দাফন করা হয়েছে। মৃত্যুর প্রায় ২৯ ঘণ্টা পর এবং নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর সোমবার বিকেল ৫টার দিকে স্থানীয় একটি বসতিতে তার দাফন সম্পন্ন হয়।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার বকশীগঞ্জ গ্রামে দাফন সম্পন্ন হয়।

নিহতের নাম নাজির উদ্দিন বেপারী। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলার থাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ বকশীগঞ্জ গ্রামের বাসিন্দা। রোববার বিকেলে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার দুই সন্তান ইদ্রিস আলী ও হালিমা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় জানাজা ও দাফনের সময় নির্ধারণ করে এলাকায় মাইকিং করা হয়। তবে দাফনের প্রস্তুতির সময় সম্পত্তি বণ্টনে আপত্তি জানান মেয়ে হালিমা। এ নিয়ে স্থানীয় সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে তাকে দেড় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিকেল পাঁচটার দিকে বাবার দাফন সম্পন্ন হয়।

থাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাইবোনের বিরোধ মিটে গেলে তাদের বাবাকে দাফন করা হয়েছে।

হালিমা বেগম অভিযোগ করেন, তার ভাই ইদ্রিস আলী তার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে সব সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করেন। পৈতৃক সম্পত্তিতে তার ন্যায্য অংশ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি। হালিমা আরও বলেন, ন্যায্য ভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি তার বাবার দাফন করতে রাজি নন।

এ বিষয়ে বক্তব্য জানতে ইদ্রিস আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

থাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে গ্রামের লোকজনের উদ্যোগে ভাইবোনের মধ্যে সমঝোতা হয় এবং বিকেল ৫টার দিকে দাফন সম্পন্ন হয়।