বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে আমাদের ঘরে এসেছে, আমরা তাদের হতাশ করব না।
শুক্রবার (৯ অক্টোবর) সাভারের পাঁচবটি আশ্রমে শহীদ মজনু ফাউন্ডেশন আয়োজিত ৪৬টি পূজা মণ্ডপের পূজারিদের মধ্যে নগদ অর্থ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সনাতনরা এদেশ ছেড়ে গেলেও স্বৈরাচারী আওয়ামী লীগের লাভ হবে, কারণ তারা দেশে থাকলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে, ভোট পাবে। তবে বর্তমান সরকার কাজের মাধ্যমে সনাতন ধর্মালম্বীর মন জয় করবে।
তিনি বলেন, এবারই প্রথম প্রধানমন্ত্রী তারিক রহমান দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে ৫ কোটি টাকা নগদ সহায়তা দিয়েছেন। প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এছাড়াও হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সর্বোচ্চ ধর্মীয় উৎসবে কিছু হবে না ভেবে সনাতন ধর্মাবলম্বীরা যেন বসে না থাকে, কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাহউদ্দিন বাবু, সাবেক জাকসু ভিপি আশরাফ খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
সূত্র: বাস
DS./