ফজরের নামাজ পড়ে সকালে হাঁটতে বের হওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৬২) উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. তার স্ত্রী ঝর্ণা বেগমের বয়স ৪৮ বছর।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফজরের নামাজের পর নজরুল ইসলাম ও ঝর্ণা বেগম হাঁটতে বের হন। তারা মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত দ্রুতগামী গাড়ি তাদের চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে যান।
প্রায় এক ঘণ্টা পর পথচারীরা তাদের রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছেন তারা। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ব্যবহার করে গাড়ি শনাক্ত করা হবে।