Homeজাতীয়শরীয়তপুরের ১০ জনের...

শরীয়তপুরের ১০ জনের জেল

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ১০ জেলেকে বিনাশ্রমে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি ইঞ্জিনচালিত ট্রলার, ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) পদ্মা নদীতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান। অভিযানে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মোঃ মনির (২৪), ফারুক খলিফা (২৬), সোহেল আকন (২০), মোঃ চান মিয়া (২২), ইমরান চৌকিদার (২৪), জাফর মিয়া (২০), মোঃ শফিক খা (৩০), মিরাজ খা (২২), মোঃ জলিল খা (১৯) ও মুন্সী (৫)।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের জাজিরা থানা হেফাজতে পাঠানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা জানান, জব্দকৃত চারটি মোটরচালিত ট্রলার ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়ে গেছে।

জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল ইমরান জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে আটক ১০ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের বিভিন্ন নদীতে অভিযান চালাচ্ছে প্রশাসন।