দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮ ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বুলকিপুর ইউনিয়নের কুলনন্দনপুর বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
পরে মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
আটক জাকিরুল ইসলাম ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য। সে কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কুলনন্দনপুর বাজারে গোপনে মাদক কেনাবেচা হচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বে একটি দল বাজারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালিয়ে যায়। এ সময় জাকিরুলকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জাকিরুলের লুঙ্গির পকেটে রাখা একটি পলিব্যাগ থেকে ১৯৮টি ইয়াবা বড়ি পাওয়া গেছে। পুলিশের দাবি, তিনি এসব ইয়াবা বিক্রির জন্য নিজের কাছে রেখেছিলেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ইয়াবাসহ জাকিরুল ইসলামকে আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
আজ বিকেলে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।