Homeজাতীয়রাজবাড়ীতে পাকিস্তানি অস্ত্র...

রাজবাড়ীতে পাকিস্তানি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ‘কালা মানিক’

রাজবাড়ীতে একটি পাকিস্তানি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) সকালে পাংশা উপজেলার হরিণাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী।

গ্রেফতারকৃত যুবক আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১)। সে উপজেলার হরিনাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল হরিণাডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় আরাফাত হোসেনের বাসায় তল্লাশি চালানো হয়। পরে তার বাড়ি থেকে একটি কালো সিনথেটিক শপিং ব্যাগের ভিতর থেকে একটি কাঠের হাতলসহ একটি পাকিস্তানি সক্রিয় রিভলবার ও আট রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

মোঃ রাসেল আলী আরো জানান, পাংশা মডেল থানায় মামলা দায়েরের পর আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

পাংশা মডেল থানার ওসি মঈনুল ইসলাম জানান, রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযানে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মামলা করেছে। পরে আসামিকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়।