৯ বছর আগে ঢাকার ওয়ারী এলাকায় এক নারীকে যৌন হয়রানির মামলায় মোবারক হোসেন মোহন নামে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুনতাসির আহমেদ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহিনা আক্তার সাজার তথ্য নিশ্চিত করে বলেন, ‘দণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।’
রায় ঘোষণার আগে মোবারক হোসেন মোহন আদালতে হাজিরা দেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর তথ্য দেন আদালতের বেঞ্চ সহকারী মো. ফোরকান।
মামলার বিবরণ থেকে জানা যায়, মোবারক হোসেন মোহন ভুক্তভোগীর চাচাতো ননদের জামাই। ওয়ারীর ভজহরি সাহা ষ্ট্রীট এলাকায় একই বাসার বিভিন্ন রুমে বসবাস করেন তারা। মোবারক হোসেন বিভিন্ন সময় ওই নারীকে খারাপ প্রস্তাবসহ বিভিন্ন অঙ্গভঙ্গি দেয়। তিনি বিষয়টি তার স্বামীকে জানান। তবে লোকলজ্জার ভয়ে তার স্বামী বিষয়টি কারও কাছে প্রকাশ করেনি।
২০১৭ সালের ২০ আগস্ট রাত পৌনে ৯টার দিকে বাসার রান্না ঘরের পাশে পেছন থেকে জাপটে ধরে ওই নারীকে যৌন হয়রানি করেন মোবারক। এ ঘটনায় ওই নারী ওইদিনই ওয়ারী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর ওয়ারী থানার এসআই হারুন অর রশীদ আসামিকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। ২০১৯ সালের ১ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে। আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল থেকে আজ আসামির সাজার রায় এলো।