বাংলা ট্রিবিউন রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে জনি (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিসাত মিয়া (২৭) নামে আরেক যুবক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচার ৪ নম্বর গেট-সংলগ্ন ডেমরা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে কয়েকজন যুবক ছিনতাই করেছেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে দুজনকে আটক করে গণপিটুনি দেন। অন্য দুজন পালিয়ে যান।
এসআই হাসান জানান, গণপিটুনিতে ঘটনাস্থলেই জনি মারা যান। আহত নিসাতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে জনির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।
নিহত জনির বাসা যাত্রাবাড়ীর কাজলার পাড়ের মাতবর গলি এলাকায়। তার বাবার নাম মৃত আবুল কাশেম। আহত নিসাতের বাসা যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায়। তার বাবার নাম মহসিন মিয়া।