রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রক্তশূন্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। রক্তশূন্যতার কারণে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন গণমাধ্যমকে জানান, মিজানুর রহমান মিনু গত কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। বুধবার সকালে অসুস্থ বোধ করলে তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।
