ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় ১৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শিশুরা একটি হিন্দু উৎসবে যোগ দিতে নৌকায় যাচ্ছিল। স্থানীয় এক বাসিন্দা জানান, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় নৌকাটি উল্টে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন নদীতে উদ্ধার কাজ শুরু করে। তারা মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে অন্ধকারে নদীতে ডুবে যাওয়া শিশুদের খুঁজতে থাকে। এ সময় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নদী থেকে ১৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে বিহারের পূর্বাঞ্চলীয় জেলায় এ দুর্ঘটনা ঘটে।
রামলক্ষন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, নৌকাটি আকারে ছোট এবং অবস্থা ভালো নয়। তা সত্ত্বেও অনেক যাত্রী দলে দলে নৌকায় ওঠেন।
স্থানীয় চিকিৎসক নির্মল কুমার জানান, উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে দুই শিশু রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা এএফপিকে বৈশালীর জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, নদী থেকে ১৩ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শোক বার্তায় তিনি বলেন, বিহারের বৈশালীতে নৌকাডুবির ঘটনা খুবই বেদনাদায়ক। নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।