টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেত থেকে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চাতনপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে এবং বড়চোনা রফিকরাজু স্কুলে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাকে ঘিরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর নিহতের প্রথম স্ত্রী আসমা বেগম সরাসরি হত্যার অভিযোগ তোলেন। তিনি বলেন, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিলেও দুলু মিয়া ওই বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতেন। বারবার নিষেধ করেও তাকে সেখানে যাওয়া থেকে বিরত রাখা যায়নি।
স্বজনদের দাবি, দ্বিতীয় স্ত্রীর পরিবারের লোকজন দুলু মিয়াকে হত্যা করেছে। তবে দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না এবং এ মৃত্যুর বিষয়ে তিনি কিছুই জানেন না।
নিহতের ছেলে আজাহার মিয়া জানান, মঙ্গলবার রাতে তার বাবা স্থানীয় একটি দোকানে চা খেয়ে প্রথমে বাড়ি ফেরেন। কিছুক্ষণ পর আবার বেরিয়ে এলেন। দীর্ঘক্ষণ না ফেরার পর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে চাতানপাড়া এলাকায় রাস্তার পাশে ও ধানক্ষেতের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
লাশ উদ্ধারের বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।