Homeজাতীয়বাগেরহাটে শ্রমিক সংগঠনের...

বাগেরহাটে শ্রমিক সংগঠনের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, দুইজন আহত হয়েছে

বাগেরহাট বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছেন মেহেদী (৩৫) ও শহীদ (৪৫)। মি

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের দখল ও আধিপত্যকে কেন্দ্র করে শ্রমিক দলের বিবদমান দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় প্রতিপক্ষের হামলায় মেহেদী ও শহীদ গুরুতর আহত হন। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ১৫ থেকে ২০ মোটরসাইকেল নিয়ে একদল সশস্ত্র যুবককে শহরের বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা যায়।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইজন আহত ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।