আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানির মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণযোগাযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক দল (এনসিপি)।
আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি। এছাড়া ৩০ অক্টোবর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি।
রোববার (১১ অক্টোবর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। সঞ্চালনা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি।
বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২৩ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। এতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন।
এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করবে এনসিপি ও দলের অঙ্গ সংগঠনের নেতারা। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বৈঠকে আরও জানানো হয়, এনসিপির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত করা হয়েছে। ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে।
এছাড়া স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহে আরও শতাধিক উপজেলা ও পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা তৈরির কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে।