পটুয়াখালীর বাউফলের আলগী নদী থেকে হাত বাঁধা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে বাউফল পৌরসভার বাংলাবাজার জামে মসজিদ সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লাশের গলায় একটি ইট বাঁধা ছিল।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার দুপুর ২টার দিকে বাংলাবাজার জামে মসজিদ ঘাটের কাছে নদীতে একটি লাশ ভাসতে দেখেন তারা। পরে বিষয়টি বাউফল থানায় জানানো হয়। খবর পেয়ে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করা হয়।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ অর্ধগলিত থাকায় মুখ দেখে শনাক্ত করার উপায় নেই। কিন্তু এটা একজন মানুষ। তার হাত বাঁধা এবং গলায় ইট বেঁধে রাখা হয়।
এসআই সারোয়ার হোসেন আরও বলেন, লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
