বগুড়ার সোনাতলায় নিখোঁজ হওয়ার চার দিন পর ইউসুফ আলী (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মাথা, হাত ও পায়ের কিছু অংশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ভারী কোনো বস্তুর আঘাতে তাকে হত্যা করা হতে পারে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার বালুয়াহাট গ্রামের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে বাসা থেকে খেলতে যাওয়ার পর নিখোঁজ হন ইউসুফ। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে সোমবার সোনাতলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।
বুধবার বিকেলে বাড়ির পাশের ধানক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে তল্লাশি শুরু করে। একপর্যায়ে শিশুটির লাশ দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, ভারী কোনো বস্তুর আঘাতে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশের মাথা, হাত ও পায়ের কিছু অংশ পাওয়া যায়নি। লাশের বাকি অংশ উদ্ধারে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শিশুটির মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে তদন্ত চলছে।