Homeখেলার সংবাদনাহিদ রানাকে চিকিৎসার...

নাহিদ রানাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে

দীর্ঘদিন ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। চোটের কারণে বেশ কয়েকটি সিরিজ খেলতে পারেননি। মাঠে ফেরার প্রস্তুতির সময় গত মাসের শেষ দিকে আবারও পিঠের নিচের দিকে চোট পান এই টাইগার পেসার।

সেই চোটে এখনো ভুগছেন নাহিদ। স্ক্যানের পর গুরুতর কিছু ধরা না পড়লেও ব্যথার কারণে বেশিক্ষণ বল করতে পারেননি তিনি। এ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।


প্রধান নির্বাচক হাবিবুল বাশার

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমার মনে হয় তাকে স্ক্যান করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব তিনি দেশের বাইরে চলে যেতে পারেন। তাকে ফিরিয়ে আনার সব ধরনের চেষ্টা চলছে। কিন্তু আমরা এমন এক পর্যায়ে আছি যেখানে আমরা সঠিক সময়সীমা দিতে পারছি না।’

ইনজুরির কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাহিদের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এ প্রসঙ্গে বাশার বলেন, ‘উনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারেন, এখনো ছিটকে যাননি। আপাতত আমরা এটা নিয়েই যাচ্ছি।’