গাজীপুরের টঙ্গীরের চেরাগালী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে যাওয়ার পথে আরও 9টি ইউনিট রয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতর ও সিভিল ডিফেন্স সদর দফতরের মিডিয়া সেলের প্রধান বা অফিসার ইনচার্জ শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল সোয়া ১০টায় ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সকাল ১০টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।