যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে একদল লোকের পিটুনিতে আহত নিসাত মিয়া (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় মারা যান তিনি।
সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই তাজমুল করিম। তিনি বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা ৪ নম্বর গেটসংলগ্ন ডেমরা সড়কে ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটুনি দেওয়া হয়। এতে জনি (৩২) নামের এক যুবক নিহত হন। আহত হন নিসাত মিয়া (২৭)।
পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছিল।