Homeজাতীয়কিশোরগঞ্জে বিএনপি নেতা...

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: খোকা ২সহ বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক মোকাররম হোসেন খোকা ও তার ভাতিজা মোঃ রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে খোকাকে ঢাকার মিরপুর-১০ এলাকা থেকে এবং রিয়াজকে নেত্রকোনা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মোকারম হোসেন খোকা মিঠামইন উপজেলার ভাটিগাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের আব্দুল হাসিম মিয়ার ছেলে। তার ভাতিজা রিয়াদ হোসেন একই গ্রামের রান্নু মিয়ার ছেলে। মোকাররম হোসেন খোকা মিঠামিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। জাহাঙ্গীর হত্যার পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পুলিশ ও মামলার এজাহারে বলা হয়, গত ১৫ জুলাই রাত ৯টার দিকে উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর মিঠামইন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মিঠামইন সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাসায় পৌঁছালে আগে থেকে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। এসময় তার সাথে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে মিঠামিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাত ১১টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

হামলার পর ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন বরগুনার বামনা উপজেলার চাকতাশুন্য গ্রামের মো. হেলাল (২৪) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মোকারম হোসেন খোকার নাম উল্লেখ করেছে। এরপর থেকে মোকারম আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের ঘটনায় রাতেই হেলালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলার আসামি ও সন্দেহভাজনদের মধ্যে মাহিন উদ্দিন (৩২) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের ও একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. শাহীন আলমকে (২৭) গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গত ১৮ জুলাই নিহতের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তদন্তের ধারাবাহিকতায় মোকারম হোসেন খোকা ও তার ভাতিজা রিয়াদ হোসেনকে আটক করা হয়েছে।

মিঠামইন থানার ওসি মনোয়ার মোহাম্মদ জানান, বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় মোকারম হোসেন খোকা ও তার ভাতিজা মোঃ রিয়াদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।