এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষাসহ ৫ দাবি

C843a061d04450f016b72c8817d72d67 6ad9e94a49516 C843a061d04450f016b72c8817d72d67 6ad9e94a49516
C843a061d04450f016b72c8817d72d67 6ad9e94a49516

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ, চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন এবং প্রয়োজনে পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কামাল আহমেদ মজুমদার স্কুলের আল-আমিন, সন্দ্বীপ পাবলিক স্কুলের ফুয়াদ এবং একরামুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের আরিনা। এ সময় আইনজীবী রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, পাবলিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সময়ক্ষেপণ এড়াতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্যদের জন্য ফল প্রকাশের তিন মাসের মধ্যে এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এসএসসিতে আগামী বছর থেকে এ পদ্ধতি চালুর কথা রয়েছে। এ অবস্থায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছরই বিশেষ পরীক্ষা আয়োজনের দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই একজন শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়। শিক্ষার্থীদের ঘাটতি পূরণ, নিজেদের যোগ্যতা প্রমাণ এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করাও একটি দায়িত্বশীল শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কোনও নিয়মবহির্ভূত সুবিধা দাবি করছি না; বরং শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি মানবিক, বাস্তবসম্মত ও শিক্ষাবান্ধব সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নে শিক্ষামন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এবং দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর প্রতি আহ্বান জানান। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আর দাবিগুলো পূরণ না হলে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করবেন বলেও উল্লেখ করেন তারা।

৫ দফা দাবি

শিক্ষার্থীদের প্রথম দাবি: এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্যদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন করতে হবে, যাতে তারা পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পায়।

দ্বিতীয় দাবি: বিশেষ পরীক্ষার সিলেবাস, মানবণ্টন, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি এবং পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দ্রুত প্রকাশ করতে হবে।

তৃতীয় দাবি: পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের ব্যবস্থা করতে হবে, যাতে উত্তীর্ণ শিক্ষার্থীরা একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়।

চতুর্থ দাবি: বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

পঞ্চম দাবি: কোনও কারণে চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন সম্ভব না হলে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। পাশাপাশি, পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এ জন্য ভর্তি, নিবন্ধন, পরীক্ষায় অংশগ্রহণ ও ফলাফলসংক্রান্ত বিধিবিধান সমন্বয় করে কার্যকর ব্যবস্থা প্রণয়নের দাবি জানান তারা।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh