প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কাইলিয়ান এমবাপ্পে। তবে সেই স্বপ্ন পূরণের পথে নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় হতাশ ফরাসি তারকা। স্প্যানিশ মিডিয়ার প্রতিবেদন অনুসারে, এমবাপ্পে মনে করেন যে তিনি রিয়ালে সেরকম সমর্থন পাচ্ছেন না যেটা বার্সা তার ব্যালন ডি’অর জেতার জন্য লামিন ইয়ামালকে দিচ্ছে।
স্প্যানিশ সংবাদপত্র মুন্ডো দেপোর্তিভোকে উদ্ধৃত করে ফরাসি ওয়েবসাইট ফুট মের্কাতো জানিয়েছে, রিয়াল যেভাবে ব্যালন ডি’অরের জন্য প্রচারণা চালাচ্ছে তাতে এমবাপ্পে হতাশ। এই পুরস্কার জিততে তিনি তার ক্লাবের কাছ থেকে আরও সমর্থন আশা করেছিলেন। কোচ হোসে মরিনহোর সমর্থন সত্ত্বেও, এটি স্বাভাবিকভাবেই তাকে ক্ষুব্ধ করেছে।

বড় স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেকে একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের একজন হয়ে ওঠা তার লক্ষ্য। কিন্তু ব্যালন ডি’অরের দৌড়ে ক্লাব থেকে তার সমর্থনের অভাব রিয়ালের ক্রীড়া পরিকল্পনায় তার স্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
এমবাপ্পেকে ঘিরে প্রত্যাশা যেমন বেশি, তেমনি দলের মধ্যেও প্রতিযোগিতা। ফরাসি অধিনায়ককেও বড় ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স এবং নিজের যোগ্যতা প্রমাণের চাপ সামলাতে হয়। সব মিলিয়ে ধীরে ধীরে তার ওপর চাপ বাড়ছে।