ম্যানচেস্টার সিটির পর মৌসুমের শুরু থেকেই অপরাজিত থাকা বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। ফরাসি ক্লাবটির মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি ইউরোপের সেরাদের বিপক্ষে ব্যাক-টু-ব্যাক জয়ে দারুণ উচ্ছ্বসিত। ম্যাচ শেষে আত্মবিশ্বাসী কণ্ঠে ঘোষণা করলেন, এই মুহূর্তে বিশ্বের সেরা দল না হলে পিএসজি অন্যতম সেরা।
ম্যাচের পর হাকিমি সিবিএস স্পোর্টসকে বলেন, ‘আপনি যখন এমন দলের বিপক্ষে খেলবেন, আপনি তাদের দেখাতে চান যে আমরা চ্যাম্পিয়ন। আমরা আরও জিততে চাই। আমরা দেখাতে চাই যে আমরা বিশ্বের অন্যতম সেরা দল, হয়তো এই মুহূর্তে সেরা দলও।’
হাকিমি ফরাসি সংবাদপত্র ফুট মারকাতোকে বলেছেন, “আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হবে।” আমরা বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হয়েছি, যারা এই মৌসুমে এখনও অপরাজিত। কিন্তু আমাদের দল অসাধারণ।’
ম্যাচটি পিএসজির জন্য মোটেও সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, বার্সেলোনার তুমুল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও লুইস এনরিকের দলের অসাধারণ মানসিকতা ও দক্ষতা শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে। তিনি আরও বলেন, দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা ও সঠিক মানসিকতা ধরে রাখতে প্রতিদিন কাজ করছেন কোচ লুইস এনরিকে।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়কে তাদের প্রধান লক্ষ্য উল্লেখ করে হাকিমি শেষ পর্যন্ত এই জয়ের ধারা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।