প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিএনপি আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, ‘৯৬-এর মতো আওয়ামী লীগ ও জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়ে এক যুবকের ফেসবুক পোস্টে বিরোধীরা ইন্ধন জোগায়। বিরোধী দলের প্ররোচনায় যুবক এমন সাহস দেখিয়েছে।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জামায়াত ১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল। এখন আবার একসঙ্গে। বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত ও আওয়ামী লীগ।
তিনি বলেন, ‘রাজশাহী সফরকালে ফেসবুকে প্রধানমন্ত্রীকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দেন এক যুবক। এ ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি আছে কি না তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করতে উৎসাহিত হন ওই যুবক।
এ সময় তিনি জামায়াতের আমীরের সমালোচনা করে বলেন, জামায়াতের আমীর সবসময় মিথ্যা বলেন। জামায়াত নেতারা তাকে দরবেশ ভাবতে পারেন, কিন্তু জামায়াতের আমির একের পর এক রাজনৈতিক মিথ্যাচার করে চলেছেন। জাসদ ছাত্রলীগ করতেন, সন্ত্রাস করতেন, মিথ্যাচার করতেন। তিনি কি জামায়াতে যোগদানের পর মিথ্যা ত্যাগ করেছিলেন? জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।