আইন পেশার সনদ নিয়ে আইন পেশা ছাড়া চাকরি বা ব্যবসা ও অন্যান্য পেশায় নিয়োজিত আছেন সেসব আইনজীবীদের বিষয়ে আইন ও বিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন নিষ্পত্তির নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রিটকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।’
এর আগে ২০২৩ সালের ৩০ জানুয়ারি বার কাউন্সিল বরাবরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ চেয়ে তিনি একটি আবেদন করেন।
আবেদনে বলা হয়, আইন পেশা একটি মহান ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে এ পেশার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা। আইনজীবীদের অনেকেই আইন পেশার সনদপ্রাপ্ত হয়ে আইন পেশার পাশাপাশি বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, চাকরি, ঠিকাদারি, আদম ব্যবসা, গাড়ির শোরুম, বিদেশে অবস্থান করে চাকরি, পরিবহন ব্যবসা, ইট, বালি, সিমেন্টের ব্যবসা, মোবাইলের ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের দোকান এবং কেউ কেউ আইন পেশার সনদ সারেন্ডার না করে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক-প্রতিষ্ঠান, বিমা, ইন্সুরেন্স কোম্পানি, ওষুধের ফার্মেসি, মোবাইলফোন সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে ফুলটাইম-পার্ট টাইম চাকরি করছেন বলে জানিতে পারি।
যেটা বার কাউন্সিল আইন ও বিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় মহান আইন পেশার মর্যাদা ভুলুণ্ঠিত হচ্ছে।
‘তাই আইন ও বিধি অনুসারে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক।’
তবেই আবেদনে সাড়া না পেয়ে গত ১২ আগস্ট একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে এ আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন।