সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বাস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েকটি গোডাউন, মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বিখ্যাত চান্দাইকোনা বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিশ্বাস সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মো. মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ভূয়াগাঁতী জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নেজামুল ইসলাম জানান, বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৈদ্যুতিক তারে নিম্নমানের তার ব্যবহার করায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানিরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগে। কেউ আহত হয়নি। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।