পাবনার ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বদলের ক্যাম্প কমান্ডার বাছির মল্লিককে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উপজেলার আয়নগঞ্জ ব্রিজের দক্ষিণ-পূর্ব দিক থেকে ১১ ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার হদল ইউনিয়নের আয়নগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাছির মল্লিক উপজেলার শালিকাপাড়া গ্রামের মৃত খদির মল্লিকের ছেলে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওসি মুনজুরুল হাসান মাসুদ।
পুলিশ জানায়, ওসি মুনজুরুল হাসান মাসুদ, পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ, উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও আশরাফুল ইসলাম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল আয়নগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে বাছির মল্লিককে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাছির মল্লিক দীর্ঘদিন ধরে সর্বহারা ক্যাম্প কমান্ডার হিসেবে সক্রিয় থাকার কথা স্বীকার করেছেন। সে এলাকার ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল।
ওসি মুনজুরুল হাসান মাসুদ জানান, আটক বাছির মল্লিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।