বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ইশরাক পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. শফিকুর রহমান।
মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের অস্ত্র হাতে নিয়ে জামায়াতের আমির বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে। এমতাবস্থায় ইশরাকের যা করার দরকার ছিল, তিনি তা করেছেন। ওই অভিযানে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে ইশরাকের কাছে অস্ত্র না থাকলে ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।
ড.শফিকুর রহমান বলেন, ইশরাকের কাজকে সরাসরি নেতিবাচক বলার সুযোগ নেই। তবে কোনো জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রী প্রকাশ্য দিবালোকে অস্ত্র বহন করলে বা কারো দিকে অস্ত্র তাক করলে তার উদ্দেশ্য ভালো হলেও অন্যরা এটাকে খারাপ কাজে ব্যবহারের উদাহরণ হিসেবে নিতে পারে।
তিনি বলেন, কোনো কাজের উদ্দেশ্য ভালো হলে সেই কাজের পদ্ধতি সব ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়ে ওঠে না। এ ধরনের বিষয়গুলো নাগরিক আচরণের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন।
মাদক নির্মূলে জামায়াতের অবস্থান তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পাস করেছে। তবে তাদের লক্ষ্য শুধু মাদক নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়, তারা মাদক নির্মূল করতে চায়। তিনি মাদকের বিস্তার রোধে আইন প্রণয়নের পাশাপাশি বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।