সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে দোয়ারাবাজার থানার আরমানছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) বাঁশতলা বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মানব পাচারকারীর নাম আমির (২২)। তিনি দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। অপর দুইজন হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার আবুল হোসেন (৪২) ও শার্শা উপজেলার ফাতেমা (১৮)।
বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালদের হাতে তুলে দেওয়ার সঙ্গে জড়িত আমির। অন্যদিকে আটক দুই বাংলাদেশির ভারতে আত্মীয় রয়েছে। বিজিবি জানায়, তাদের সঙ্গে দেখা করতে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।
এ ঘটনায় আরও দুজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা হলেন দোয়ারাবাজারের চৌধুরীপাড়া এলাকার অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪)। বিজিবির অভিযানে তারা পালিয়ে যায়।
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক তিনজনকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।