নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকি হত্যা মামলায় জড়িত সন্দেহে অপূর্ব (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে পুলিশের একটি দল তাকে দুর্গাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে। অপূর্ব দুর্গাপুর উপজেলার বাসিন্দা।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক আলিফ হত্যার বিষয়টি পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুরের তেলুঙ্গিয়া এলাকায় আলিফকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার রাতে তার স্ত্রী আমেদিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাত আটজনের বিরুদ্ধে মামলা করেন।
লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ‘ডিটেকটিভ আর্টিকেলস’ নামে একটি ফেসবুক পেজও পরিচালনা করেন। ওই পাতায় নানা অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের কথা লিখতেন।
আলিফের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনি গ্রামে। তিনি দুর্গাপুরের তেলুঙ্গিয়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। তার চার বছরের একটি মেয়ে ও দেড় বছরের একটি ছেলে রয়েছে।