মোরাল পুলিশিংয়ের অভিযোগে ১০১ নাগরিকের বিবৃতি: আইজিপির কড়া প্রতিক্রিয়া

25123387c73b8f0bfef079e06a848df1 6adf2ebc6ac20 25123387c73b8f0bfef079e06a848df1 6adf2ebc6ac20
25123387c73b8f0bfef079e06a848df1 6adf2ebc6ac20

রাজধানীর পূর্বাচলে পুলিশ হাউজিংয়ের একটি প্লটে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮৫ জনকে গ্রেফতার ও সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড দেওয়ার ঘটনায় ১০১ নাগরিকের বিবৃতির পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ব্যাংক’-এর ইসলামিক ব্যাংকিং সেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আইজিপি বলেন, ‘এখন দেখলাম একজন ১০১ জন নাগরিক বলতেছেন, আমি গোপন… আপনি পুলিশ হাউজিংয়ের ভেতরে গোপনে গিয়ে মদ খাবেন, মাতলামি করবেন, কোকেন-হেরোইন এগুলো গ্রহণ করবেন; আর বলবেন, এটা (মাদকবিরোধী অভিযান) সংবিধান পরিপন্থি। সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে আপনি এগুলো করতে পারেন?’

তিনি বলেন, ‘আপনার স্বাধীনতা আছে, তার অর্থ যা ইচ্ছা তাই করতে পারবেন না। আপনাকে আইনের আওতায় থাকতে হবে। এই দেশের ইথিক্স, মোরালিটি; এগুলো ঠিক রেখে আপনাকেও চলতে হবে সমাজে।’

তিনি সমালোচনাকারীদের উদ্দেশ করে বলেন, ‘আপনারাই বলেন যে অশিক্ষিত পুলিশ নিয়োগ দেন। কনস্টেবলের আবার কী জ্ঞান লাগে? সেই-তো (কনস্টেবল) তৃণমূল পর্যায়ে আপনাকে সেবাটা দিচ্ছে? তার সঙ্গে যখন আপনার হটটক হয়, তখন বলেন পুলিশ খারাপ। আবার বলবেন যে পুলিশে নিয়োগ দিতে কোন আইন-কানুন বা কোনো ধরনের শিক্ষিত লোকের প্রয়োজন নাই। এখানেই সব থেকে শিক্ষিত লোক দরকার। কারণ তাকে সমাজের সব শ্রেণির মানুষকে কন্ট্রোল করতে হবে।’

সমাজব্যবস্থা শান্তিপূর্ণ, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করতে হলে সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে আইজিপি বলেন, ‘আইনশৃঙ্খলার সঙ্গে সবকিছু জড়িত। আপনি দেখেন, কোনো বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ফেল করছে, রাস্তায় পুলিশের সঙ্গে ছাত্রদের মারামারি। ইন্ডাস্ট্রিতে আপনি বেতন দিতে পারছেন না বা দিচ্ছেন না; শ্রমিকদের সঙ্গে পুলিশের মারামারি। যখন আমি আপনার স্বাধীনতা হরণ করে জেলে পাঠিয়ে দিবো; তখন এই পুলিশ কোনোদিন সমাজে গ্রহণযোগ্য হবে না। তার মানে কী? পুলিশকে আপনারাই অকার্যকর করছেন, আবার আপনারাই বলছেন।‘

তিনি বলেন, ‘সব দায়িত্ব যদি যখন আমার, তখন আমার কথাই আপনাকে শুনতে হবে। আমি যেভাবে বলবো, সেভাবে আপনাকে সমাজে চলতে হবে। এটা রপ্ত করতে হবে, গুড প্র্যাকটিস। আইন-সংবিধান অনুযায়ী আমাদের চলতে হবে। সেই জিনিসগুলো যদি আমরা না করি, সমাজে কেউ… দিনে হোক রাতে হোক; কোথাও শান্তিতে বসবাস করতে পারবেন না।’

রবিবার (২৫ অক্টোবর) ১০১ নাগরিকের সই করা এক বিবৃতিতে পূর্বাচলের পুলিশ হাউজিংয়ে ডিবির অভিযানে ২৬ নারীসহ ৮৫ জনকে গ্রেফতার ও সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড দেওয়ার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে গ্রেফতার ব্যক্তিদের আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে অবিলম্বে তাদের মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে কার নির্দেশে, কী উদ্দেশ্যে এবং কোন আইনি ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে, কারা গ্রেফতার ও দণ্ডাদেশের সিদ্ধান্ত নিয়েছেন এবং আইন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়।

আইন লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের জন্য দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনারও দাবি জানান বিবৃতিদাতারা।

বিবৃতিতে আরও বলা হয়, সেখানে উপস্থিত ব্যক্তিদের গোপনীয়তা ও মর্যাদা রক্ষার পরিবর্তে ‘মাদকবিরোধী অভিযানের’ নামে পুলিশ তাদের ছবি ও পরিচয় সংবাদমাধ্যমের সামনে তুলে ধরছে। সংবাদমাধ্যমও অপরাধ প্রমাণিত হওয়ার আগেই গ্রেফতার ব্যক্তিদের মাদকসেবী হিসেবে উপস্থাপন করে শনাক্তযোগ্য ছবি ও পরিচয় প্রকাশ করছে।

এ ধরনের কর্মকাণ্ডকে সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপনীয়তা, মর্যাদা ও ব্যক্তিগত উপাত্তের সুরক্ষায় গুরুতর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেন নাগরিকরা। তাদের ভাষ্য, সাংবাদিকতার স্বাধীনতা নাগরিককে সামাজিকভাবে হেয় করা কিংবা তার ব্যক্তিগত তথ্য নির্বিচারে প্রকাশের অনুমতি দেয় না। এটি সাংবাদিকতার নৈতিকতা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারের পরিপন্থী।

বিবৃতিতে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-এর প্রযোজ্য বিধান অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সংবাদমাধ্যমের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

১০১ নাগরিকের বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইজিপি আরও বলেন, পুলিশের বিরুদ্ধে কথায় কথায় সমালোচনা করা হয়। পুলিশের সদস্যরা অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে জেলে পাঠানো হয়েছে।

আইজিপি বলেন, পুলিশকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জবাবদিহি রয়েছে। একই সঙ্গে মিথ্যা অভিযোগ ও গুজব এড়িয়ে প্রকৃত ঘটনা মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh