পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের চেষ্টার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাড়ির কাছে একটি পূজা উদ্বোধন করতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। মহিলার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লি সফর শেষে কলকাতায় ফেরার পর মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছে ‘মিলন সংঘ’-এর পুজো উদ্বোধন করতে যাচ্ছিলেন মমতা। হেঁটে যাওয়ার সময় দলের নেতাকর্মী ও নিরাপত্তাকর্মীরা তার সঙ্গে ছিলেন। এ সময় ভিড়ের মধ্যে দিয়ে তার কাছে পৌঁছান তর্নিষ্ঠা সাহা নামে এক নারী।
অভিযোগ, ওই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করেছিলেন। তাকে গালিগালাজও করেন। নিরাপত্তাকর্মী ও দলীয় নেতাকর্মীরা দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ওই নারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কালীঘাট থানার পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি বলে পরিচয় দিয়ে তাঁর বাড়ির দরজায় পৌঁছে যান। মমতা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি তার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
এই ঘটনার পর প্রশ্ন উঠেছে মমতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে ওই মহিলা তাঁর এত কাছে যেতে পারলেন তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে আসামির মানসিক অবস্থা নিয়ে পুলিশের সন্দেহের কথাও বলা হয়েছে প্রতিবেদনে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ নেই।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন একটি ই-মেইলে লিখিত অভিযোগ করেছেন, দলীয় সূত্র জানিয়েছে। তবে এ ঘটনা ঘটলেও নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পূজার উদ্বোধনে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানা গেছে।
অভিযুক্তের উদ্দেশ্য ও ঘটনার পিছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।