নিরাপত্তা নিশ্চিত ও সশস্ত্র গ্রুপের সদস্যদের অপসারণসহ ৩ দফা দাবিতে রাঙামাটির সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সাজেক জনঅধিকার সংরক্ষণ কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয় এবং অবরোধকারীরা বাঘাইহাট-সাজেক সড়কে আগুন দেয়।
৪৮ ঘণ্টার মধ্যে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের প্রত্যাহার এবং শর্ত ভঙ্গসহ ৩ দফা দাবি পূরণ না হওয়ায় আবারও সড়ক অবরোধ করছে সাজেকে।
এদিকে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় লোকসানের মুখে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বেকার হয়ে পড়েছেন এ খাত সংশ্লিষ্ট শতাধিক শ্রমিক।
এর আগে গত রোববার অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিলে প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও হার্সেস, জরুরি ওষুধ ও সংবাদপত্র বহনকারী যানবাহন, সংবাদ সংগ্রহের জন্য ব্যবহৃত সাংবাদিকদের যানবাহন অবরোধ থেকে অব্যাহতি থাকবে বলে জানিয়েছেন অবরোধকারীরা।