টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপ সহকারী আব্দুল রহিম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী লেনে এসআই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে বাসটি মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপকেও ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপ সহকারী আব্দুল রহিম নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
গোগাই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার কবলে পড়া বাস ও পিকআপটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।