কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বাগভান্ডার এলাকার সোনাতলী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মমিনুল ইসলাম ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মমিনুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয়ে বিভিন্ন অপকর্ম ও প্রতারণার অভিযোগ রয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করত। কখনো মাদক মামলায় আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা করতো। তার বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।
সম্প্রতি মমিনুল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে হুমকি দিয়ে এক বৃদ্ধের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করেন। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা ও ভয় দেখানোর মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।