পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা মাছ মাদ্রাসা ও এতিমখানায় নিয়ে যাওয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষকসহ দুইজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. এজাজুল হকের নেতৃত্বে অভিযানে এই অনিয়ম ধরা পড়ে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় নদীতে অবৈধভাবে প্রায় ২৫ কেজি ইলিশ ও অন্যান্য মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ রতনদী তালতলী ইউনিয়নের বানিয়াতলী খেয়াঘাটের কাছে তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
তবে বিতরণের পর মাদ্রাসার জন্য বরাদ্দকৃত মাছ প্রতিষ্ঠানে না নিয়ে ব্যক্তিগত বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে গোপন তথ্য পায় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন রাত ৯টার দিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান চালায়।
অভিযানে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। পরে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. আবদুল্লাহকে (২৭) ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাছটিকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। এ সময় মাদ্রাসাটি আবাসিক নয় বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ জানান, তিনি ও আবুল হোসেন (৫৫) নিজেদের মধ্যে বিতরণের জন্য পাওয়া মাছ ভাগ করে নেন। তবে অন্য দুটি মাদ্রাসা ও এতিমখানায় বরাদ্দকৃত মাছ সঠিকভাবে এসেছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বেইন জানান, মাদ্রাসার জন্য বরাদ্দকৃত মাছ প্রতিষ্ঠানকে না দিয়ে ব্যক্তিগতভাবে নেওয়া হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। আবদুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।