গাইবান্ধার গোবিন্দগঞ্জে একই দিনে জন্ম নেওয়া দুই চাচাতো ভাই একই দিনে মারা গেছেন। সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে ডুবে এক বছর ১০ মাস বয়সী মিফতাহুল জান্নাত ও আবদুল্লাহ আরাফের মৃত্যু হয়। দুই সন্তানের মর্মান্তিক মৃত্যুতে উভয় পরিবারে শোকের মাতম।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সামসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু হলো আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত ও জিল্লুর রহমানের ছেলে আবদুল্লাহ আরাফ। তাদের দুজনেরই বয়স এক বছর ১০ মাস। তারা কাজিন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে ওঠার পর দুই শিশু একসঙ্গে খেলছিল। তখন তাদের মায়েরা সকালের রান্নায় ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।
পরে পরিবারের লোকজন শিশু দুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্বজন ও স্থানীয়রা পুকুরের পানিতে তাদের নিথর লাশ ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করা হয়।
তালুকানুপুর ইউনিয়ন পরিষদের দফাদার শ্রী বাবু লাল গণমাধ্যমকে জানান, দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের মাতম। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি জানান, দুই শিশুই চাচাতো ভাই। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, একই দিনে তাদের জন্ম হয়েছে। আবার তারা একই দিনে মারা যান।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। যেসব শিশু সাঁতার জানে না, বিশেষ করে ছোট শিশুদের দিকে সব সময় নজর রাখতে অনুরোধ করেন তিনি।