উত্তর ইসরায়েলে বিস্ফোরণে ২০ জন আহত, নেতানিয়াহুর সফর বাতিল

লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসরায়েলে বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আগে পড়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ থেকে বিস্ফোরণের সূত্রপাত। এ ঘটনার পর অধিকৃত পশ্চিম তীরে নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (১২ অক্টোবর) সকালে মানারা ও ইফতাহ বসতির মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, নিওট মোর্দেচাই সম্প্রদায়ের বসতির কাছে বিস্ফোরণটি ঘটে।

ইসরায়েলের ন্যাশনাল ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস এজেন্সি ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) খবর পেয়ে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স পাঠায়। আহতদের মধ্যে অন্তত আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংস্থাটির চিকিৎসকরা। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া তুলনামূলকভাবে সামান্য আহত আরও কয়েকজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিস্ফোরণের পর কিরিয়াত শামোনা জেলার পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘেরাও করে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়। বোমা নিষ্ক্রিয়কারী দলের বিশেষজ্ঞরা বিস্ফোরণের উৎস শনাক্ত করতে কাজ করছেন।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

তিনি মন্তব্য করেন, ‘তবে ঘটনাটি মনে করিয়ে দেয় যে ইসরায়েলের উত্তরাঞ্চলে, বিশেষ করে লেবাননের সীমান্তে এখনও সামরিক অভিযান চলছে। সেখানে ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। গত তিন বছরে ওই এলাকায় হাজার হাজার রাউন্ড গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।’

বিস্ফোরণের পর রাজনৈতিক ও নিরাপত্তা মহলেও চাঞ্চল্য দেখা যায়। রিপোর্ট অনুযায়ী, নেতানিয়াহুর পাশাপাশি, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও তার নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন।

2023 সালে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইস্রায়েলে রকেট হামলা শুরু করে। সংঘর্ষের কারণে এই অঞ্চলের কয়েক লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

এরপর মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে সংঘাত শুরু হয়। একপর্যায়ে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কিছু এলাকা দখল করে নেয়। উত্তর ইসরায়েলের ওই এলাকা থেকে লেবাননে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহও সীমান্তের ওপার থেকে মাঝেমধ্যে রকেট নিক্ষেপ করছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে সেনা ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। নুর ওদেহের মতে, উত্তর ইসরায়েলের অনেক বাসিন্দা নিরাপত্তার কারণে এখনও তাদের এলাকায় ফিরে যায়নি। তাদের মধ্যে নিরাপত্তা নিশ্চিতে সরকারের সক্ষমতা নিয়ে আস্থার সংকট রয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh