‘অপরাধ দমনে দৃঢ় অবস্থান বোঝাতেই ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার করেছেন আইজিপি’

4a6366417d0ddeb61ee26104ebf8db34 6ae1f1e8b70fb 4a6366417d0ddeb61ee26104ebf8db34 6ae1f1e8b70fb
4a6366417d0ddeb61ee26104ebf8db34 6ae1f1e8b70fb

আইজিপি মো. আলী হোসেন ফকিরের বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারের বিষয়ে পুলিশ সদর দফতর ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পর এবার বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সোমবার (২৬ অক্টোবর)পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে।

ওই অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। 

আইজিপি মো. আলী হোসেন ফকিরের এমন মন্তব্যের বিষয়ে বিবৃতি দিয়ে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বলেছে, অপরাধ দমনে পুলিশের দৃঢ় অবস্থান এবং আত্মরক্ষার প্রয়োজনীয়তা বোঝাতেই ক্রসফায়ার শব্দ ব্যবহার করা হয়েছে। এটিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘোষণা বা আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে শাস্তি দেওয়ার বক্তব্য হিসেবে ব্যাখ্যা না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।

এতে বলা হয়, গত ২৬ অক্টোবর রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সংগঠনটির দৃষ্টিগোচর হয়েছে। বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরতেই এ বিবৃতি দেওয়া হয়েছে।

পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি, চলতি বছরের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনায় চারজন পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন আহত হয়েছেন। এসব ঘটনা দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ঝুঁকি ও প্রতিকূলতার চিত্র তুলে ধরে।

বিবৃতিতে সাম্প্রতিক দুটি ঘটনার উল্লেখ করে বলা হয়, গত ২৪ অক্টোবর গোপালগঞ্জের বেদগ্রাম খেয়াঘাট এলাকায় একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হন।

এ ছাড়া গত ১৩ সেপ্টেম্বর রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। ওই ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হন।

সংগঠনটি বলছে, এসব ঘটনায় পুলিশ সদস্যরা আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে সংযমের পরিচয় দিয়েছেন। তবে দায়িত্ব পালনকালে বারবার হামলার শিকার হলে পুলিশ সদস্যদের নিরাপত্তা ও মনোবল ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে পুলিশের আত্মরক্ষার অধিকার এবং অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সংগঠনের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইনে আত্মরক্ষার অধিকার স্বীকৃত। দণ্ডবিধি, ১৮৬০-এর ৯৬ থেকে ১০৬ ধারা এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১২৭ ও ১২৮ ধারাসহ পুলিশ প্রবিধানেও এ-সংক্রান্ত বিধান ও নির্দেশনা রয়েছে।

পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পুলিশের আত্মরক্ষার প্রয়োজনীয়তা ও সক্ষমতার বিষয়টি তুলে ধরতেই তিনি (আইজিপি) ওই বক্তব্য দিয়েছেন।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের বিষয়ে আইজিপির মন্তব্য নিয়ে আলোচনা প্রসঙ্গে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত। কোনো মন্তব্যের বিচ্ছিন্ন অংশের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছালে প্রকৃত বক্তব্য সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।

পুলিশ ও গণমাধ্যম উভয়ই জনস্বার্থে কাজ করে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পুলিশ অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করে, আর গণমাধ্যম জনগণের কাছে তথ্য পৌঁছে দেয়। তাই উভয় পক্ষের পেশাগত দায়িত্ব ও বাস্তবতা বোঝার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশের আত্মরক্ষার অধিকার ও দায়িত্ব পালনের ঝুঁকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পাশাপাশি আইনের শাসন, মানবাধিকার ও জবাবদিহি নিশ্চিত করাও অপরিহার্য। আইজিপির বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট বিবেচনা করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

 

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com