মৌলভীবাজারের কমলগঞ্জে এক রাতে সাতটি দোকানে ডাকাতি হয়েছে। একই রাতে দুষ্কৃতীরা দুটি মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা নিয়ে গেছে। ধারাবাহিক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার মাধবপুর ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপাড় গ্রামের সামসু মিয়া ও বাবুল মিয়ার দোকান, টিলাগাঁও এলাকার ফরিদ মিয়ার দোকান এবং ভাসানীগাঁও এলাকার তালেব ও আব্দুল্লাহর দোকানে চুরি হয়েছে। এ ছাড়া সদর ইউনিয়নের লঙ্গুরপাড় এলাকায় হাবিব মিয়ার দোকানে হামলা চালায় চোরেরা।
একই রাতে মকবুল মিয়ার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তবে সেখানে চুরির কোনো মালামাল না পেয়ে তারা ফিরে গেছে বলে জানা গেছে। এদিকে ভাসানীগাঁও ও দক্ষিণ লঙ্গুরপাড়ে জামে মসজিদের দানবাক্স থেকেও টাকা চুরি হয়েছে।
এর কয়েকদিন আগে মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও এলাকায় হাবিবুর রহমানের দোকানে ডাকাতি হয়। ওই দোকান থেকে নগদ ৬১ হাজার টাকা, একটি বোতামের মোবাইল ফোন ও একটি হাতঘড়ি নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরপর এসব চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, আগের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে না পারায় চোর চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন চুরির অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।