মালয়েশিয়ায় এক মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন মির্জা আব্বাস। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। তিনি এখন অনেকটাই সুস্থ।
মির্জা আব্বাস ফলোআপ চিকিৎসার জন্য ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় যান। সেখানকার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তার চিকিৎসা হয়।
এর আগে প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন বিএনপির এই নেতা।
১১ মার্চ তিনি ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন এবং রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে অস্ত্রোপচারের পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসার পর মির্জা আব্বাসকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।